মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু, দিল্লি সফরে রাষ্ট্রপতি-শাহ-রাজনাথের সঙ্গেও সাক্ষাৎ।

মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু, দিল্লি সফরে রাষ্ট্রপতি-শাহ-রাজনাথের সঙ্গেও সাক্ষাৎ।

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদীর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ও ‘বন্দে মাতরম’ লেখা স্মারক তুলে দেন শুভেন্দু। পাশাপাশি প্রধানমন্ত্রীর হাতে পুষ্পস্তবকও তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপর বিদেশ সফরে যাওয়ার কারণে দু’জনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি। দেশে ফেরার পর এবার প্রথমবার মুখোমুখি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির রীতি অনুযায়ী কোনও রাজ্যে দলের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই প্রথা মেনেই শুভেন্দুর এই সফর বলে মনে করা হচ্ছে।
দিল্লি সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও পৃথক বৈঠক করেন শুভেন্দু। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত এলাকায় কাঁটাতারের কাজের জন্য বিএসএফকে প্রায় ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে। সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
এছাড়াও রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির বিষয়ও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
পরে সমাজমাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, “মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই আমার প্রথম সরকারি বৈঠক। পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছি।”

WhatsApp Join জয়েন করুন