অনুমতি ছাড়া মিডিয়ায় মন্তব্য নয়, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের

  1. অনুমতি ছাড়া মিডিয়ায় মন্তব্য নয়, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রশাসনিক নির্দেশিকায় সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবার সরকারি আধিকারিক ও কর্মীদের সংবাদমাধ্যমে মন্তব্য করা, সরকারি তথ্য প্রকাশ করা এবং বিভিন্ন মিডিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার উপর কড়া নিয়ন্ত্রণ আনা হয়েছে।

নবান্নের তরফে জারি হওয়া এই নির্দেশিকা সমস্ত সরকারি দফতর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বশাসিত সংস্থার কাছে পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না বা কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না।

নতুন নিয়ম অনুযায়ী, আইএএস, ডব্লিউবিসিএস, পুলিশ আধিকারিকদের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, বোর্ড ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে।

সরকারি অনুমতি ছাড়া কোনও কর্মচারী টিভি অনুষ্ঠান, আলোচনাচক্র বা অন্য কোনও মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। এমনকি স্পনসর করা বেসরকারি অনুষ্ঠানেও যোগ দেওয়ার আগে অনুমতি নিতে হবে। এছাড়া সংবাদপত্র বা ম্যাগাজিনে লেখা প্রকাশ, সম্পাদনার কাজ বা সম্প্রচার মাধ্যমে বক্তব্য রাখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সরকার স্পষ্ট জানিয়েছে, প্রশাসনিক নথি বা তথ্য বাইরে ফাঁস করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা থেকেও সরকারি কর্মচারীদের বিরত থাকতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি কিছু সরকারি কর্মচারীর সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ ও প্রশাসনিক তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি তথ্যের অপব্যবহার আটকাতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

সরকার আরও জানিয়েছে, এই নিয়ম মানা হচ্ছে কি না তা নিয়মিত নজরদারিতে রাখা হবে। কোনও কর্মচারী নির্দেশিকা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

WhatsApp Join জয়েন করুন