বাংলায় চালু ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’, স্কুল ব্যাগ নিয়েও নতুন নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ‘বিদ্যাঞ্জলি প্রোগ্রাম’। স্কুলের উন্নয়নে অংশ নিতে পারবেন স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে খবর, এই প্রকল্পের মাধ্যমে স্কুলে শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্স-সহ বিভিন্ন পরিষেবামূলক কাজে সহযোগিতা করা যাবে। পাশাপাশি বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী দেওয়ার সুযোগও থাকবে। শুধু তাই নয়, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজেও অংশ নিতে পারবেন স্বেচ্ছাসেবীরা।

জানা গিয়েছে, Vidyanjali Portal-এ UDISE+ কোড ব্যবহার করে স্কুলগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবকদের শর্টলিস্ট করবে স্কুল কর্তৃপক্ষ। যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাইয়ের পরই দেওয়া হবে চূড়ান্ত অনুমোদন। রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্প দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতেও নতুন গাইডলাইন জারি করেছে শিক্ষা দফতর। কেন্দ্রের “School Bag Policy 2020” মেনে বলা হয়েছে, কোনও ছাত্রছাত্রীর স্কুল ব্যাগের ওজন যেন শরীরের ওজনের ১০ শতাংশের বেশি না হয়।

নতুন নির্দেশিকায় প্রি-প্রাইমারি পড়ুয়াদের জন্য “No Bag Policy” অর্থাৎ ব্যাগ ছাড়াই স্কুলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি স্কুলে ব্যাগের ওজন নিয়মিত পরীক্ষা ও ওজন মাপার মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও—

ক্লাস I-II তে কোনও হোমওয়ার্ক নয়

III-V তে সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টা হোমওয়ার্ক

VI-XII শ্রেণিতে পাতলা এক্সারসাইজ খাতা ব্যবহারের পরামর্শ

চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা

শিক্ষা দফতরের মতে, চাকাওয়ালা ব্যাগ ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বছরে “Bagless Days” পালন এবং ক্লাস ৬-৮ এর ছাত্রছাত্রীদের জন্য ১০ দিনের ইন্টার্নশিপের সুপারিশও করা হয়েছে।

শিক্ষা ব্যবস্থায় এই নতুন পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা।

WhatsApp Join জয়েন করুন