বাজি পোড়ানোর মাঝেই আচমকা দু’রাউন্ড গুলি! সরশুনায় গ্রেফতার যুবক, আতঙ্ক এলাকায়

By WBNEWSTV DESK

Published on:

কালীপুজোর আনন্দের মধ্যেই আচমকা গুলির শব্দে কেঁপে উঠল কলকাতার বেহালার সরশুনা। বাজি পোড়ানোর সময় বন্দুক বের করে শূন্যে পরপর দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রাম পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ।

আরও পড়ুন: রায়গঞ্জে ফের এনকাউন্টার! পুলিশের গুলিতে নিহত নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সরশুনার রক্ষিতপাড়ায় কালীপুজোর মণ্ডপের সামনে কয়েকজন মিলে বাজি পোড়াচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করেন রাম পাল। এরপর শূন্যে পরপর দু’রাউন্ড গুলি চালান তিনি। আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছিল, সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

কীভাবে অভিযুক্তের হাতে আগ্নেয়াস্ত্র এল, কোথা থেকেই বা তিনি সেটি সংগ্রহ করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আনন্দ করার সময়ই ওই যুবক গুলি চালিয়েছিলেন। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো এবং অসংযত আচরণের বিরুদ্ধে কলকাতা পুলিশের বিশেষ অভিযান চলে। পুলিশ সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অসংযত আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৮৭ জন।

সব মিলিয়ে কালীপুজোর রাতে কলকাতা শহরে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উৎসবের রাতে এমন একাধিক ঘটনায় শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Comment