উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালেন সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব। রবিবার আগ্রায় একটি দলিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বহুল প্রচারিত ‘ডবল ইঞ্জিন’ সরকারকে কটাক্ষ করে ‘ডবল জিরো’ বলে আখ্যা দেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলিতরাই বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
আগ্রার জিআইসি গ্রাউন্ডে আয়োজিত দলিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে বারাণসীর দুটি আসনেই বিজেপির পরাজয়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই নির্বাচনে বিজেপি মোট ছয়টি আসনে জয়ী হলেও সমাজবাদী পার্টি পাঁচটি আসনে জয় পায়। তবে বারাণসীর দুটি আসনেই বিজেপিকে হারতে হয়। অখিলেশের অভিযোগ, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে দলিতদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।
অখিলেশ যাদব জানান, আগ্রার এই সম্মেলনের মধ্য দিয়েই বৃহত্তর PDA (পিছড়ে, দলিত, সংখ্যালঘু) আন্দোলনের সূচনা হচ্ছে। তাঁর কথায়, “আগ্রার এই দলিত সম্মেলন থেকেই PDA আন্দোলনের সূচনা হল।” সম্মেলনে মানুষের ব্যাপক উপস্থিতি ও সাড়া দেখে এটিকে কার্যত জাতীয় স্তরের দলিত সম্মেলন বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাবও দেন অখিলেশ। উত্তরপ্রদেশে বিজেপির অবস্থান ‘অঙ্গদের পায়ের মতো অটল’—অমিত শাহের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে সমাজবাদী পার্টির প্রধান বলেন, যারা নিজেদের রাজনৈতিকভাবে অটল মনে করছেন, তাঁদেরও একদিন রাজনৈতিক জমি হারাতে হবে। তাঁর দাবি, দলিতরা এবার বিজেপিকে চিরতরে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
এদিন আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদের নাম সরাসরি উল্লেখ না করেই তাঁদের নতুন গঠিত ‘সামাজিক পরিবর্তন মোর্চা’কে নিশানা করেন অখিলেশ। তাঁদের ‘রাজনৈতিক পর্যটক’ বলে কটাক্ষ করে অভিযোগ করেন, তাঁরা PDA-র রাজনৈতিক সমীকরণ সঠিকভাবে বুঝতে পারছেন না এবং বাইরের কারও নিয়ন্ত্রণে কাজ করছেন।
বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন সমাজবাদী পার্টির প্রধান। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। প্রায় ২০০টি আম্বেদকর মূর্তি ভাঙচুর করা হয়েছে। শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর দাবি, রাজ্যে ২৬ হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং PDA সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি চাকরির সুযোগও কমেছে।
অন্যদিকে, নিজেদের সরকারের আমলের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরেন অখিলেশ। আগ্রা মেট্রো, এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং পড়ুয়াদের ল্যাপটপ বিতরণের মতো প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, “এবার লাঠির হার হবে, জয় হবে ল্যাপটপের।”
উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে PDA-কে কেন্দ্র করে সমাজবাদী পার্টির এই রাজনৈতিক কর্মসূচি রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।







