তৃণমূল ছেড়ে NCPI-তে মকসুদ আলম, উত্তর দিনাজপুর জেলা যুব সভাপতির দায়িত্ব পেলেন

By WBNEWSTV DESK

Published on:

উত্তর দিনাজপুরের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির ‘ছোট ভাই’ বলে পরিচিত NCPI পার্টিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি পদে থাকা মকসুদ আলম। দলবদলের পর তাঁকে NCPI পার্টির উত্তর দিনাজপুর জেলা যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই যোগদানকে ঘিরেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

 

তবে কি সংখ্যালঘুদের একাংশ এবার শুভেন্দু অধিকারীর হাত শক্তিশালী করতে মাঠে নামতে চলেছে? সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত না হয়ে কি ঘুরপথে বিজেপির হাত শক্তিশালী করার রাজনৈতিক কৌশল তৈরি হচ্ছে? মকসুদ আলমের দলবদল ঘিরে উঠছে এমনই নানা প্রশ্ন।

 

মকসুদ আলমের দাবি, উন্নয়নের স্বার্থে এবং শুভেন্দু অধিকারীর হাত শক্তিশালী করার লক্ষ্যেই তিনি NCPI পার্টিতে যোগ দিয়েছেন। তাঁর বক্তব্য, ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবার নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

এখানেই শেষ নয়, ২০২৬ সালে তৃণমূলের পরাজয়ের পর গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গেও মকসুদ আলম যোগাযোগ করেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও এই বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ সামনে আসেনি।

 

NCPI পার্টিতে যোগ দেওয়ার পর মকসুদ আলম জানিয়েছেন, জেলা সভাপতি জাহিদুর রহমানের নেতৃত্বে তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী করবেন এবং জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের বিস্তার ঘটাবেন। NCPI একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলেও দাবি করেছেন তিনি।

 

তৃণমূলের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতার নতুন রাজনৈতিক দলে যোগদান এবং জেলা যুব সভাপতির দায়িত্ব পাওয়াকে ঘিরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই দলবদল জেলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সংখ্যালঘু ভোটারদের একাংশের মধ্যে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি হবে কি না, তা এখন দেখার।

Leave a Comment