সপ্তম বেতন কমিশনের আওতায় ২৫টি বিশ্ববিদ্যালয় ও ৩টি শিক্ষা বোর্ডের কর্মীরা, জারি রাজ্যের বিজ্ঞপ্তি

By WBNEWSTV DESK

Updated on:

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পাশাপাশি এবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনার আওতায় আনা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের কার্যপরিধি বাড়িয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর। এই সিদ্ধান্তের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ মোট ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা কমিশনের আওতায় আসছেন।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মীদের বর্তমান বেতন কাঠামো, ভাতা এবং চাকরির শর্ত খতিয়ে দেখবে সপ্তম বেতন কমিশন। কমিশন প্রয়োজনীয় বিষয়গুলি পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে সুপারিশ জমা দেবে।

এই তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের মোট ২৫টি বিশ্ববিদ্যালয়।

শুধু বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদেরও সপ্তম বেতন কমিশনের পর্যালোচনার আওতায় আনা হয়েছে। সেগুলি হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এই তিন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্তও খতিয়ে দেখবে কমিশন।

অর্থ দফতরের নির্দেশিকায় কমিশনকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট কর্মীদের বেতন কত শতাংশ বাড়তে পারে, নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে কিংবা বকেয়া টাকা দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি।

অর্থাৎ, আপাতত এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনার পথ খুলল। কমিশনের সুপারিশের পরই তাঁদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। ফলে এবার সপ্তম বেতন কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা।

Leave a Comment