যে ‘পুষ্পা’ বলেছিল, “ঝুকেগা নেহি”, শেষমেশ পুলিশের জালে জাহাঙ্গীর! হাফ প্যান্ট-গেঞ্জি পরিহিত অবস্থায় ঘটনাস্থলে পুনর্নির্মাণ
ডায়মন্ড হারবার: একসময় নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়ে দাপট দেখানোর অভিযোগ উঠেছিল। আর সেই জাহাঙ্গীর খানকেই এবার পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত অবস্থায় ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।
বৃহস্পতিবার তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে দেখতে এলাকায় ভিড় জমান বহু মানুষ। তাকে ওই অবস্থায় এলাকায় ঘোরানো নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় জোর চর্চা।
স্থানীয়দের একাংশের দাবি, যে ব্যক্তি একসময় নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়ে দাপট দেখাতেন, তাকেই এবার পুলিশের কড়া নজরদারিতে এলাকায় ঘোরানো হল। যদিও তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করতেই এই রিকনস্ট্রাকশন প্রক্রিয়া চালানো হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তদন্তকারীদের আশা, ঘটনাস্থলে পুনর্নির্মাণের মাধ্যমে মামলার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে, যা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।





