ইসলামপুর, সোমবার: ফাইলেরিয়া বা গোদ রোগ প্রতিরোধে বৃহৎ জনসচেতনতা ও প্রতিষেধক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল ইসলামপুরে। সোমবার ইসলামপুর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিন ইসলামপুরের সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যামন্দির স্কুলে কর্মসূচির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকান্ত বিশ্বাস, ইসলামপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল এবং ইসলামপুর ব্লকের বিডিও পিনাকী দেবনাথ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে। ফাইলেরিয়া রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিষেধক ওষুধ গ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলে পৌঁছে পড়ুয়াদের মধ্যে ফাইলেরিয়া প্রতিষেধক ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধে ওষুধ গ্রহণের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কেও বিস্তারিতভাবে জানানো হয়।
ব্লক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, দুই বছরের কম বয়সি শিশু, গর্ভবতী মহিলা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের বাদ দিয়ে সকলেরই এই প্রতিষেধক ওষুধ গ্রহণ করা প্রয়োজন। ২০২৭ সালের মধ্যে দেশ থেকে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।





