ধোনিকে ঘিরে জল্পনা, হায়দরাবাদ ম্যাচে কি মাঠে নামবেন মাহি

নিজস্ব সংবাদদাতা : চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। ইতিমধ্যেই ১২টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। বাকি রয়েছে আর মাত্র দু’টি ম্যাচ। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

হায়দরাবাদ ম্যাচের আগের দিন একটি অনুষ্ঠানে এনএসজি কমান্ডোদের সঙ্গে দেখা করতে যান ধোনি। সেখানে কালো টি-শার্ট পরে উপস্থিত ছিলেন তিনি। কমান্ডোদের সঙ্গে কথা বলার সময় ধোনি মজার ছলে প্রশ্ন করেন, “আমাকে দেখে ফিট মনে হচ্ছে তো?” উত্তরে সকলে একসঙ্গে বলেন, “একদম ফিট।” এরপর হেসে ধোনি বলেন, “বয়স তো বাড়ছে, এখন ফিট থাকতে আরও বেশি পরিশ্রম করতে হয়।”

এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাইয়ের বাকি দু’টি ম্যাচ নিজেদের ঘরের মাঠে। তাই সমর্থকদের আশা, এই দুই ম্যাচে ধোনিকে মাঠে দেখা যেতে পারে।

এবারের আইপিএলের আগে পায়ের কাফের চোটে ভুগছিলেন ধোনি। সেই কারণে প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলেননি। পরে শোনা যায়, ফিট হলেও দলের ভারসাম্য নষ্ট না করতে তিনি নিজেই বাইরে ছিলেন। কারণ, তিনি খেললে দলের একজনকে বসতে হতে পারে। দল ভালো খেলছিল বলেই পরিবর্তন আনতে চাননি ধোনি।

তবে আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে ধাক্কা খেয়েছে চেন্নাই। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে শেষ দুই ম্যাচ জিততেই হবে তাদের। এই পরিস্থিতিতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের উপর চাপ কমাতে ধোনিকে মাঠে দেখতে চাইছেন সমর্থকরা। যদিও ধোনি খেলবেন কি না, তা ম্যাচের আগেই জানা যাবে।

WhatsApp Join জয়েন করুন