জুন থেকে চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মহিলাদের অ্যাকাউন্টে মিলবে মাসে ৩০০০ টাকা
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুন মাস থেকে এই প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
জানা গিয়েছে, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের অনেককেই নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তবে সরকারি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কিছু নাম বাদ পড়তে পারে। বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে, মৃত ব্যক্তির নামে প্রকল্প চালু থাকলে বা কেউ ভারতীয় নাগরিক না হলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
এছাড়াও নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে জানা গিয়েছে, যাঁরা CAA-তে আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁদের ক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা চালু থাকবে।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। খুব শীঘ্রই আবেদন পদ্ধতি, যোগ্যতার নিয়ম ও প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।





