পশ্চিমবঙ্গে ফের পুলিশের গুলিতে মৃত্যু এক অভিযুক্তের। এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সোমবার (৯ নভেম্বর) ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, দীর্ঘ চার দিন ধরে তল্লাশির পর অভিযুক্তের অবস্থান সম্পর্কে গোপন সূত্রে খবর পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতে রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলীপ রায় গুলি চালান বলে অভিযোগ। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কীভাবে ঘটল এই এনকাউন্টার?
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন দিলীপ রায়। পুলিশের অভিযোগ, অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এমনকী পুলিশের গাড়ির টায়ারেও গুলি লাগে বলে জানা গিয়েছে। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হন তিনি।
কীভাবে সামনে আসে নাবালিকার মৃত্যুর ঘটনা?
ঘটনার সূত্রপাত গত ৩ নভেম্বর। পরিবারের দাবি, ওই দিন সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। দু’দিন পর কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ। পরিবারের তরফে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তে দিলীপ রায়ের নাম উঠে আসে এবং তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি।
রাজ্যে চতুর্থ এনকাউন্টার, বাড়ছে রাজনৈতিক চর্চা
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর এটি চতুর্থ ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জে একই ধরনের ঘটনা সামনে এসেছিল।
গাইঘাটার এনকাউন্টার প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আগেই মন্তব্য করেছিলেন, আইন অমান্য করলে তার পরিণতি ভোগ করতে হবে। অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।
রায়গঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের এনকাউন্টার নীতি নিয়ে। পুলিশের দাবি ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি এই ধরনের এনকাউন্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।







