বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি, চোপড়ায় বিজেপির বৃক্ষরোপণ অভিযান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ আহ্বানে সাড়া দিয়ে চোপড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল বিজেপি। শুক্রবার চোপড়া বিজেপির উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চোপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, দলুয়া স্বাস্থ্যকেন্দ্র, কালাগছ আলোড়নী ময়দান, ঘোরুগছ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ-সহ একাধিক স্থানে গাছ লাগানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলের কর্মীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার বিভিন্ন স্থানে মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।
নেতৃত্বের মতে, ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে দলের একাধিক শাখা সংগঠনের নেতৃত্ব অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।





