চোপড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে রাস্তায় নামল তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এদিন হাতিঘিশা মোড় থেকে শুরু হওয়া মিছিল রাজ্য সড়ক ধরে চোপড়া বাজার পরিক্রমা করে বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবাদ মিছিল থেকে বিধায়ক হামিদুল রহমান তীব্র ভাষায় অভিযোগ করেন, “যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, পুলিশ তাদের গ্রেফতার করুক। কিন্তু পুরনো মামলা খুঁড়ে বের করে তৃণমূল কর্মীদের টার্গেট করা হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “এভাবে চলতে থাকলে মানুষ মনে করবে একদিকে বিজেপির রাজনৈতিক সন্ত্রাস, অন্যদিকে পুলিশের সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হবে।”
পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামিদুল রহমান বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, প্রকৃত তথ্যের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এদিনের বিক্ষোভ মিছিল থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয়।





