চোপড়া, নিজস্ব সংবাদদাতা : সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবার মাঠে নামল ‘চোপড়া যুব সংগঠন’ নামে একটি নতুন সামাজিক সংগঠন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের আহ্বায়ক তৌফিক আজহার এবং তানভীর রেজা সংবাদমাধ্যমের মাধ্যমে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে বিশেষ আবেদন জানান। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে যে অস্বচ্ছতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে, সেগুলোর অবসান ঘটিয়ে নতুন সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুক।
তৌফিক আজহার ও তানভীর রেজার দাবি, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রতিটি স্তরে স্বচ্ছতা, মেধার ভিত্তিতে নির্বাচন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
চোপড়া যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানবিরোধী কার্যকলাপ, অন্যায়, দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতেই এই সংগঠনের পথচলা শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থে বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যও রয়েছে সংগঠনের।
এছাড়াও চোপড়া ব্লকের যুবকদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ ও শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক তৌফিক আজহার ও তানভীর রেজা।
এখন দেখার বিষয়, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে চোপড়া যুব সংগঠনের এই আবেদনকে রাজ্য সরকার কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বাস্তবায়নের পথে কতটা এগিয়ে আসে।





