নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মাঝেও চোপড়া বিধানসভায় প্রায় ৭০ হাজার ভোটে জয়লাভ করেছেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। বর্তমানে রাজ্যের ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি (BJP) থাকলেও চোপড়ায় নিজেদের সাংগঠনিক শক্তি অটুট রয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
এদিকে চোপড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল চলছে। এই আবহে এলাকায় শান্তির বার্তা দিতে আবারও পুরনো রাজনৈতিক ভঙ্গিতে মাঠে নামলেন বিধায়ক হামিদুল রহমান।
তিনি বলেন,
“চোপড়া বিধানসভায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ— সবকিছুই আমাদের দখলে রয়েছে। আমরা আমাদের মতো করেই কাজ করব। সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। আমাদের দল থেকে দুই-একজন বিভিন্ন বুথে বেরিয়ে গিয়ে লাফালাফি করছে।”
আজকের গুরুত্বপূর্ণ কর্মীসভাটি অনুষ্ঠিত হয় চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাতাসুগছ প্রাথমিক বিদ্যালয় মাঠে।
সভায় উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার নির্বাচনী কনভেনার তাহের আহমেদ, শ্রমিক নেতা শঙ্কর বৈদ্য, অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু, অঞ্চল চেয়ারম্যান হাসিবুল রহমান, অঞ্চল যুগ্ম সভাপতি আশরাফুল হক, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃত্ব।





