উত্তর দিনাজপুরের রাজনীতিতে বড়সড় দলবদল! দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এবার দল ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন NDA-র শরিক NCPI পার্টিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা জাহিদুর রহমান। শুধু দলবদলই নয়, তাঁকে দেওয়া হয়েছে NCPI পার্টির উত্তর দিনাজপুর জেলা সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে নির্বাচনী প্রচার, একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে।
কিন্তু এবার সেই তৃণমূলের রাজনীতি থেকে সরে এসে সম্পূর্ণ নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন জাহিদুর রহমান। NCPI পার্টিতে যোগ দিয়ে উত্তর দিনাজপুর জেলার সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি।
দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমানের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, বিভিন্ন নির্বাচনের সময় তাঁরা মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই তাঁরা রাজনৈতিক লড়াই করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনে পরাজিত হওয়ার পর দলের অনেক নেতাকর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
তাঁর আক্ষেপ, যাঁদের জন্য তাঁরা মানুষের কাছে ভোট চেয়েছিলেন, যাঁদের জেতানোর জন্য লড়াই করেছিলেন, আজ তাঁদের অনেককেই পাশে পাওয়া যাচ্ছে না। তাহলে যাঁদের জন্য এতদিন লড়াই করা হলো, তাঁদের ভূমিকা কী—সেই প্রশ্নও তুলেছেন তিনি।
জাহিদুর রহমানের দাবি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই তিনি বিজেপির নেতৃত্বাধীন NDA-র শরিক NCPI পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এবার তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তর দিনাজপুর জেলায় NCPI পার্টির সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দলের রাজনৈতিক কর্মসূচি পৌঁছে দেওয়া।
তবে রাজনৈতিক মহলের নজর এখন একটাই বিষয়ের দিকে—প্রাক্তন তৃণমূল নেতা জাহিদুর রহমানের এই দলবদল আগামী দিনে উত্তর দিনাজপুর, বিশেষ করে ইসলামপুরের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে?
তাঁর সঙ্গে তৃণমূলের পুরনো কর্মী-সমর্থকদের কতটা অংশ নতুন দলে যোগ দেন, সেটাও এখন দেখার বিষয়।






